রাজধানীর গুলিস্তানে ফোয়ারার পাশে ট্রাকের চাপায় রাজ হোটেলের দুই কর্মচারী নিহত হয়েছেন। নিহতরা হলেন— জাকির (৩০) ও শাকিল (১৫)। বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত দেড়টা থেকে দুইটার দিকে গুলিস্তান ফোয়ারার পাশে বঙ্গবন্ধু স্কয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পল্টন থানার উপ-পরিদর্শক এসআই শামীম হোসেন।
তিনি জানান, রাজ হোটেলের কর্মচারী জাকির ও শাকিল ডাস্টবিনে ময়লা ফেলে ফিরে আসার সময় একটি দ্রুতগামী ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। এসআই শামীম বলেন, ‘টহলরত পুলিশ ট্রাকটি জব্দ এবং ট্রাকের চালককে আটক করে পল্টন থানায় নিয়ে যায়। ট্রাকচালক থানায় আটক আছে।’
তিনি বলেন, ‘পল্টন থানার পুলিশ গুরুতর আহতাবস্থায় ওই দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এসআই শামীম হোসেন বলেন, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
রাজ হোটেলের মালিক এস এম আলম শাহজাহানের বরাত দিয়ে শামীম হোসেন আরও জানান, নিহত জাকির ও শাকিল দীর্ঘদিন ধরে হোটেলে পরিচ্ছন্নতার কাজ করতো।